স্বাস্থ্য

ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 ২ নভেম্বর সোমবার আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টা ৩০ মিনিটে কর্ণেলহাট বাজার এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

দ্বিতীয় পর্বে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ জানে আলম এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ ছাড়া মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীগণ কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন।

বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং ডেঙ্গুমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও ক্যাব ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য

মন্তব্য প্রকাশ করার জন্য সাইন ইন করুন